সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৫

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নৌকায় থাকা আরও পাঁচ জেলে আহত হয়েছেন।কক্সবাজার গাইড
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোররাতে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করছিলেন। আহত পাঁচজন হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে ছয়জন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। মঙ্গলবার ভোররাতে সাগরে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাঁদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় নৌকায় থাকা অন্য পাঁচজনও আহত হন।
নৌকার মালিক আবদুল আমিন জানান, সাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেনের মৃত্যু হয়েছে। তাঁর বাঁ হাতে বজ্রপাতের আঘাত লাগে। তবে অন্য পাঁচজন সরাসরি বজ্রপাতের আঘাতে আক্রান্ত হননি বলে জানান তিনি।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশাদ আলম কানন জানান, সাগরে বজ্রপাতে আহত অবস্থায় এক জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, তাঁদের এলাকার একজন জেলে সাগরে বজ্রপাতে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন। নিহত ব্যক্তির স্বজনেরা টেকনাফে আসছেন। পরে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top