সাতক্ষীরা প্রতিনিধিঃ-
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উজিরপুর বাজারে অভিযান চালিয়ে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় মাদক উইনক্রেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ১০০ সিসি হিরো হোন্ডা স্প্লেন্ডার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এসআরবি খুলনা-৬-এর সাতক্ষীরা ক্যাম্প সূত্রে জানা যায়, কালিগঞ্জের তেঁতুলিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে এক ব্যক্তি গোপালগঞ্জে যাবেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর বাজারে আগে থেকেই অবস্থান নেয় এসআরবির একটি আভিযানিক দল। পরে বিভিন্ন যানবাহনে তল্লাশির একপর্যায়ে একটি মোটরসাইকেল থেকে জাহিদুল ইসলাম (৫০) ও তার সহযোগী নুরুজ্জামান গাজীকে (৪২) আটক করা হয়।পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল ও পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল নিষিদ্ধ ভারতীয় উইনক্রেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল, ব্যাগ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।


