স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে কারাগারে জামায়াত নেতা ও শিক্ষক

নওগাঁর বদলগাছীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে চকলেটের প্রলোভন দেখিয়ে বিদ্যালয়ের কার্যালয়ে নিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে পাঠানো হয়েছে জামায়াত নেতা ও শিক্ষক মো. শফিউল হাসান দিপুকে (৪৭)। আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত শফিউল হাসান দিপু উপজেলার ভান্ডারপুর আলফা কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক। ভুক্তভোগী শিশুটি একই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট সকাল ৭টার দিকে প্রতিদিনের মতো বিদ্যালয়ে যায় ওই ছাত্রী। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষক বা শিক্ষার্থী উপস্থিত ছিল না। এ সুযোগে অভিযুক্ত শিক্ষক শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে শ্রেণিকক্ষ থেকে বিদ্যালয়ের কার্যালয়ে ডেকে নেন।
অভিযোগে বলা হয়, কার্যালয়ে নিয়ে শিশুটিকে চকলেট খাওয়ানোর পর অভিযুক্ত শিক্ষক অশোভন কথাবার্তা বলতে শুরু করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক কাছে টেনে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং পরনের পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে অভিযুক্ত তাকে ছেড়ে দেন।
পরে শিশুটি কার্যালয় থেকে বেরিয়ে শ্রেণিকক্ষে গিয়ে কান্নাকাটি করতে থাকে। বৃষ্টি থামার পর বিদ্যালয় থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে সে। সেখান থেকে তার বাবা তাকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বর্ণনা দেয় শিশুটি।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক শফিউল হাসান দিপুর বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা দায়ের করেন।
মামলার পর গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত শিক্ষক আদালতের দ্বারস্থ হন। তবে জামিনের আশায় আদালতে আত্মসমর্পণ করেও শেষ রক্ষা হয়নি তার। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) নূরনবী বলেন, ‘অভিযুক্ত শিক্ষক মামলায় জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
শিশুটির ওপর যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষকের কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top