ঝড়ে ঘর হারানো অসহায় শিপ্রা রাণী নাগের পাশে হবিগঞ্জ জেলা প্রশাসন: (১)এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন।
( ১৪ জুন ২০২৬)ইং জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এ জেলা প্রশাসন তার হাতে চেক প্রদাণ করেন।
জানাযায়, প্রাকৃতিক দুর্যোগে সর্বস্ব হারানো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায়, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বসতঘর হারানো সম্বলহীন বৃদ্ধা শিপ্রা রাণী নাগকে আর্থিক সহায়তা প্রদান করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। পুনর্বাসনের লক্ষ্যে তাকে এককালীন ১০০০০০/- (এক লক্ষ) টাকার চেক প্রদান করা হয়েছে।
আজ রবিবার (১৪ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মানবিক সহায়তা অনুষ্ঠানে জেলা প্রশাসক এই চেক হস্তান্তর করেন। সাম্প্রতিক ঝড়ের তান্ডবে শিপ্রা রাণী নাগের একমাত্র মাথা গোঁজার ঠাঁইটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। বয়সের ভারে ন্যুব্জ এবং আর্থিকভাবে অসচ্ছল এই বৃদ্ধা ঘর হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছিলেন।
বিষয়টি জেলা প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ সরেজমিনে ঐ বৃদ্ধার বসতবাড়ি পরিদর্শন করেন এবং এক সন্তানসহ ঐ বৃদ্ধা খোলা আকাশের নিচে দিন পার করছেন মর্মে জানতে পারেন। ফলে দ্রুত সময়ের মধ্যে তাকে এই আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়।
চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শিপ্রা রাণী নাগের অসহায়ত্বের কথা জেনে জেলা প্রশাসন তার মাথা গোঁজার ঠাঁই পুনঃর্নির্মাণের জন্য এই সহায়তা প্রদান করেছে।
আশা করি, এই সহায়তায় তিনি নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন।
আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে বৃদ্ধা শিপ্রা রাণী নাগ জেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অশ্রুসজল চোখে সংশ্লিষ্ট সকলের প্রতি দোয়া ও আশীর্বাদ জানান।
জেলা প্রশাসনের এই তাৎক্ষণিক ও মানবিক সাড়ায় স্থানীয় পর্যায়ে প্রশংসার জোয়ার বইছে।











