বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে ভাদ্রা ইউনিয়নে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলার ভাদ্রা ইউনিয়নের ভাসানী স্কুলের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা যুব বিভাগের অর্থ সম্পাদক মো. মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুস সালাম, উপজেলা ব্যবসায়ী বিভাগের সভাপতি আব্দুর রশিদ মিয়া হারুন, ভাদ্রা ইউনিয়ন জামায়াতের সভাপতি হাফেজ মো. কামরুল ইসলাম এবং উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক মো. সবুর মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম বলেন, ইসলাম প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ বাতাস নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী রেখে যেতে আমাদের সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো. আব্দুস সালাম বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক পরিবার ও প্রতিটি মানুষ যদি নিয়মিত গাছ লাগায়, তাহলে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান বলেন, বিশ্ব পরিবেশ দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি পরিবেশ রক্ষায় আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করার দিন। যুব সমাজকে বৃক্ষরোপণ আন্দোলনের অগ্রভাগে থেকে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরে উপস্থিত স্কুল কলেজ শিক্ষার্থী,শিক্ষক,শ্রমিক, কৃষক, স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় নাগরপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক মো. রবিউল ইসলাম, ভাদ্রা ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. পরশ মিয়া, অর্থ সম্পাদক মো. নবিনুর ইসলাম, যুবনেতা আব্দুল রহমানসহ ভাদ্রা ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অত্র ইউনিয়নের বিভিন্ন পেশার নাগরিকগণ উপস্থিত ছিলেন।












