জুলাই শহিদ দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে জেলা প্রশাসন, পিরোজপুর। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁদের আত্মত্যাগ, সাহসিকতা এবং গণতন্ত্র, ন্যায়বিচার, মানবাধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা।
সভায় বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আত্মদান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের অনুপ্রেরণা হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ দেশপ্রেম, সাহস, আত্মত্যাগ ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে চিরকাল স্মরণীয় থাকবে।
বক্তারা আরও বলেন, শহিদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে আইনের শাসন, সুশাসন, জবাবদিহিতা, সামাজিক সম্প্রীতি এবং টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারি-বেসরকারি সকল পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণের জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনাও করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সাংবাদিক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর অংশ হিসেবে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা, দোয়া ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।
জুলাইয়ের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই হবে জাতির সর্বোত্তম অঙ্গীকার।।












