সাম্প্রতিক
হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী ‎চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মনোহরদীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জিয়ানগরে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত চিকনাগুল বাজারে প্রশাসনের অভিযান, সরকারি জমি ছাড়তে ৩ দিনের চূড়ান্ত নির্দেশ কটিয়াদীতে ১৬ জুলাই শহিদ দিবস পালিত ‎ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা অ্যালাউ করব না: স্বরাষ্ট্রমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের তাগিদ। প্রতীকী আয়োজন নয়, গড়ে উঠুক পরিবেশবান্ধব প্রজন্ম

চিকনাগুল বাজারে প্রশাসনের অভিযান, সরকারি জমি ছাড়তে ৩ দিনের চূড়ান্ত নির্দেশ

সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের চিকনাগুল বাজারে সরকারি জমিতে স্থাপিত অস্থায়ী পশুর হাটের লিজের মেয়াদ শেষ হওয়ার পরও তা অপসারণ না করায় অবশেষে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে মৌখিকভাবে হাট সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের একাধিকবার সতর্ক করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বৃহস্পতিবার (১৬ জুলাই) সরেজমিনে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মছদ্দর আলী, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ওহিদুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাজার কমিটির প্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযান চলাকালে সরকারি জমিতে নির্মিত অস্থায়ী অবকাঠামো, পশুর শেড ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করে সংশ্লিষ্টদের আগামী তিন দিনের মধ্যে স্বেচ্ছায় সব অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি জমি দখলমুক্ত না করলে উপজেলা প্রশাসন আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা গেছে, ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাত্র সাত দিনের জন্য চিকনাগুল বাজারে অস্থায়ী পশুর হাট বসানোর উদ্দেশ্যে সরকারি বিধি অনুযায়ী লিজ প্রদান করা হয়েছিল। লিজের মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী হাট অপসারণ এবং সরকারি জমি পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। বরং সময় অতিবাহিত হওয়ার পরও অস্থায়ী স্থাপনা রেখে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, লিজের মেয়াদ শেষ হওয়ার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার সংশ্লিষ্টদের মৌখিকভাবে হাট সরিয়ে নেওয়ার অনুরোধ ও নির্দেশনা দেন। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে স্থাপনাগুলো বহাল রাখা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও কোনো উদ্যোগ না নেওয়ায় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করে এবং অবশেষে সরেজমিনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম সরকারি জমি অবৈধভাবে দখল করে রাখার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী লিজের নির্ধারিত সময় শেষ হওয়ার পর সরকারি জমি দখলে রাখতে পারে না। নির্ধারিত তিন দিনের মধ্যে সকল অবৈধ স্থাপনা অপসারণ করে জায়গা খালি করতে হবে। অন্যথায় প্রশাসন আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি জমি দখলমুক্ত হলে বাজারের শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষের চলাচল ও বাজার ব্যবস্থাপনা আরও স্বাভাবিক হবে। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। প্রশাসনের হস্তক্ষেপে এর একটি কার্যকর সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের মতে, সরকারি জমি নির্ধারিত উদ্দেশ্য ব্যতীত দীর্ঘদিন ব্যবহার করা হলে একদিকে যেমন সরকারি সম্পদের ক্ষতি হয়, অন্যদিকে বাজার ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তাই প্রশাসনের সময়োপযোগী এ উদ্যোগ জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, প্রশাসনের তিন দিনের সময়সীমার মধ্যে সংশ্লিষ্টরা স্বেচ্ছায় স্থাপনা অপসারণ না করলে যে কোনো সময় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :