এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ৫

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহতরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

গ্রেপ্তাররা হলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, এনসিপি নেতা তোফায়েল আহমদ, সাহেল আহমদ, ফাহিম আহমদ জনি ও সোহাগ মিয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুলাউড়া থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন আহত এনসিপি নেতা তামিম আহমদ।

মামলার বাদী মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সম্পাদক তামিম আহমদ বলেন, এনসিপির পদ দেওয়ার বিষয়ে এহসান জাকারিয়াসহ আসামিরা আমার কাছে চাঁদা দাবি করেন। মৌলভীবাজার থেকে বড়লেখা যাওয়ার পথে কুলাউড়ার উত্তর বাজার এলাকায় আমাদের ওপর হামলা করা হয়।

জেলা এনসিপির আহ্বায়ক খালেদ আহমদ বলেন, বিষয়টি আমরা জেনেছি। এ বিষয়ে দলীয়ভাবে তদন্ত করা হবে

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশের সময়োপযোগী পদক্ষেপে পরিস্থিতি বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার মামলা হয়েছে। গ্রেপ্তার ৫ জনকে শুক্রবার আদালতে পাঠানো হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন