মাগুরায় পল্লী বিদ্যুতের লাইনে ভ্যানচালকের মৃত্যু, দুই কর্মচারী সাময়িক বরখাস্ত

মাগুরার শ্রীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক লাইনে রক্ষণাবেক্ষণ কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজুর রহমান (৩৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিহত মাহফুজুর রহমান শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ আলীর ছেলে। তিনি পেশায় ভ্যানচালক হলেও দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক হিসেবে পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন কাজে অংশ নিতেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার কল্যাণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে লাইনম্যান সুমন গাজী ও লাইন টেকনিশিয়ান হাসান আলীর সঙ্গে মাহফুজুর রহমান বৈদ্যুতিক সংযোগ রক্ষণাবেক্ষণের কাজে বের হন। দুপুর দেড়টার দিকে তারা কল্যাণপুর গ্রামে পৌঁছান। সেখানে ১১ কেভি বৈদ্যুতিক পিলারে ওঠার সময় মাহফুজুর বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়দের দাবি, লাইন টেকনিশিয়ান হাসান আলী নামাজ পড়তে মসজিদে যাওয়ার পর লাইনম্যান সুমন গাজী নিচে থেকে মাহফুজুরকে বৈদ্যুতিক পিলারে উঠতে বলেন। পিলারে ওঠার সময়ই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

ঘটনার পর লাইনম্যান সুমন গাজী এবং শ্রীপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কন্ট্রোলরুমে দায়িত্বে থাকা লাইনম্যান ইয়াসিন আলী অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ঘটনার পর থেকে লাইন টেকনিশিয়ান হাসান আলীকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

শ্রীপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার শামীম উদ্দিন বলেন, মাহফুজুর রহমান দিনমজুর হিসেবে গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজ করতেন। তাকে সঙ্গে নিয়ে সমিতির দুই কর্মচারী ট্রান্সমিটার মেরামতের কাজে গিয়েছিলেন। মেরামতের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কথা ছিল। এরপরও কীভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মহিতুল ইসলাম বলেন, একজন দিনমজুরকে বৈদ্যুতিক পিলারে ওঠানোর কোনো সুযোগ নেই। বিষয়টি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঝিনাইদহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী কাজী মনিরুজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চার কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে লাইনম্যান সুমন গাজী ও লাইন টেকনিশিয়ান হাসান আলীকে সাময়িক বরখাস্ত করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়িত্বে অবহেলা ছিল কি না, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তা স্পষ্ট হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন