দিনাজপুরের পার্বতীপুরে চার মাস বয়সী এক শিশুকে অপহরণের অভিযোগে তার মামা জিয়ারুল ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ছেলে মাহিন ইসলাম অনাসকে নিয়ে বাবার বাড়ি পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে যান শিশুটির মা মনিরা বেগম। রবিবার (৪ অক্টোবর) রাতে শিশুটিকে পাশে রেখে ঘুমিয়ে পড়েন তিনি। রাতের কোনো একসময় ঘুম ভেঙে গেলে পাশে সন্তানকে দেখতে পাননি তিনি।
পরে পরিবারের অন্য সদস্যরা ঘরে গিয়ে দেখতে পান, বাঁশের বেড়ার একটি অংশ কাটা। ওই স্থান দিয়ে শিশুটিকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করেন তারা। অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্তে নামে।
পার্বতীপুর মডেল থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) পিন্টু কুমার দাস জানান, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে শিশুটির মামা জিয়ারুল ইসলামের ওপর সন্দেহ হয়।তাকে জিজ্ঞাসাবাদের পর শিশুটির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরে ২৪ ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে জিয়ারুল জানিয়েছেন, দিনাজপুর সদর উপজেলার নিউটাউন মাথাসাগর এলাকার মিলন নামের এক ব্যক্তির কাছে শিশুটিকে ৪০ হাজার টাকায় বিক্রি করেছিলেন তিনি। তবে শিশুটির কথিত ক্রেতা মিলনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদক কেনার টাকা জোগাড়ের উদ্দেশ্যেই শিশুটিকে অপহরণ করে বিক্রি করা হয়ে থাকতে পারে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, জিয়ারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির কথিত ক্রেতা মিলনসহ অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।



