‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, মানিকগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি বাজার এলাকায় র‍্যালি চলাকালে এ ঘটনা ঘটে। পুলিশ ব্যানারটি জব্দ করে প্রধান শিক্ষককে থানায় নিয়ে যায়। পরে তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা একটি ব্যানার বহন করা হয়।

র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে শেখ হাসিনার নাম সংবলিত ব্যানার ব্যবহারের বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা পুলিশকে খবর দেন।

পরে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। পুলিশের দাবি, তিনি দৌলতপুর থানাধীন কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আয়োজন নিয়ে তাদের আপত্তি ছিল না। তবে র‍্যালিতে ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে তারা পুলিশকে বিষয়টি জানান।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top