জগন্নাথপুরে প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বর্ণিল আয়োজনে ২য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের জার্সি-ট্রফি উন্মোচন

সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে ২য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার উদ্যোগে এবং প্রবাসীদের অর্থায়নে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর মডেল মসজিদ হলরুমে আয়োজিত জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে খেলোয়াড়, সাবেক ও বর্তমান ফুটবলার, ক্রীড়া সংগঠক, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়, বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী আবু হুমায়রা (ছাদ মাস্টার)।
জগন্নাথপুর উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আফজাল হোসেন ফজর আলীর সভাপতিত্বে এবং সহ-প্রচার সম্পাদক নুরুল হক আবু ও ধারাভাষ্যকার জুয়েল হোসাইন নুরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক রুহুল আমিন রাহুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কৃতি ফুটবলার ও সংগঠক তাপস দাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্য রাকিবুল ইসলাম দিলু, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী হাজী আব্দুস সোবহান এবং জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মামুনুর রশীদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক শোভন আহমদ ভূইয়া।
এ সময় বক্তব্য রাখেন সংস্থার অর্থ সম্পাদক মকবুল হোসেন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুজ্জাকির হোসেন মাহবুব, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ এবং প্রচার সম্পাদক সাংবাদিক জুবায়ের হোসেন এবং সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রুজেল ইসলাম
অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা দলের অফিসিয়াল ও অধিনায়করাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১নং কলকলিয়া ইউনিয়ন দলের অফিসিয়াল খোকন মিয়া ও অধিনায়ক মিজান আহমেদ; ২নং পাটলী ইউনিয়ন দলের অফিসিয়াল সাহেল আহমদ ও অধিনায়ক জালাল আহমেদ; ৩নং মিরপুর ইউনিয়ন দলের অফিসিয়াল আব্দুল কাহার; জগন্নাথপুর পৌরসভা দলের অফিসিয়াল নজির আহমেদ ও অধিনায়ক সোহেল ভূইয়া; ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন দলের অফিসিয়াল সুয়েবুর রহমান ও অধিনায়ক আজহারুল ইসলাম নাইম; ৬নং রানীগঞ্জ ইউনিয়ন দলের অফিসিয়াল জিতু মিয়া ও অধিনায়ক এনাম আহমদ; ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন দলের অফিসিয়াল নেওয়াজ মিয়া ও অধিনায়ক মুসাহিদ মুশু; ৮নং আশারকান্দি ইউনিয়ন দলের অফিসিয়াল নুরুল হক আবু ও অধিনায়ক কনু মিয়া এবং ৯নং পাইলগাঁও ইউনিয়ন দলের অফিসিয়াল সোহেন মিয়া ও অধিনায়ক রেজা আহমদ।
প্রবাসীদের পৃষ্ঠপোষকতায় বর্ণিল আয়োজন
টুর্নামেন্ট সফল করতে দেশ-বিদেশের ক্রীড়ানুরাগী প্রবাসীরা ব্যাপকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ৯টি দলের জার্সি স্পন্সরে এগিয়ে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী মো. শাহিন আহমেদ।
জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান স্পন্সর করেছেন যুক্তরাজ্য প্রবাসী মো. আজম আলী ও গ্রিস প্রবাসী সোহেল আহমদ বাচ্চু। টুর্নামেন্টের রেফারি স্পন্সর হিসেবে সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্র প্রবাসী হামজা কোরেশী।
এছাড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্যদের টি-শার্ট স্পন্সর করেছেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মাহমুদ হোসেন। পুরো টুর্নামেন্টে পানির স্পন্সর হিসেবে পাশে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী আদনান আহমেদ। আর মাঠের ডেকোরেশন স্পন্সরে সহযোগিতা করছে এসডি ফুটবল একাডেমি, তিলক-শাহারপাড়া।
ফুটবলের ঐতিহ্যকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়
অনুষ্ঠানে বক্তারা বলেন, জগন্নাথপুরের ফুটবলের দীর্ঘদিনের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে এবং নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ করে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রবাসীদের অর্থায়ন ও আন্তরিক সহযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর পরিবেশে বেড়ে ওঠার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা গুরুত্বপূর্ণ।
জার্সি ও ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তুতিতে নতুন গতি সঞ্চার হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নের খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
আয়োজকরা জানান, মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সুন্দর ফুটবল উপহার দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ, খেলাধুলার চর্চা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য।
প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ভালোবাসায় ২য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট–২০২৬ জগন্নাথপুরের ক্রীড়াঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে—এমন প্রত্যাশাই এখন আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top