ঢাবির শিক্ষক ও সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খান এবার জবির সিন্ডিকেটে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর সংশ্লিষ্ট ধারার অধীনে শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্যাটাগরিতে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক মোর্শেদ হাসান খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের এপ্রিল মাসে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওই আদেশে তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের স্থলাভিষিক্ত হন এবং অবশিষ্ট মেয়াদের জন্য ঢাবি সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও অধ্যাপক মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
এদিকে অধ্যাপক মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির সঙ্গেও তার সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে। ২০২৪ সালের ৩ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া তিনি বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তার নিয়োগের সময় বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে বিশ্ববিদ্যালয়টির ‘সাদা দল’-এর আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়।
নতুন এ মনোনয়নের ফলে একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটেও সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী দুই বছর তিনি জবি সিন্ডিকেটের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top