সিরাজগঞ্জে পর্যায়ক্রমে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ প্রক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্সের মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কার্যালয় (সিরাজগঞ্জ সদর) ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক মোঃ শাহাদাত হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
- মোঃ মামুন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সিরাজগঞ্জ সদর।
- মোহাম্মদ আলী, উপপরিচালক, জেলা তথ্য অফিস।
- মোঃ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, সিরাজগঞ্জ।
এ ছাড়া অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ হেদায়েতুল ইসলাম ফ্রুট, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইবনে জায়েদ হাসু, জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নির্ধারিত এলাকাগুলোর পরিবারভিত্তিক সঠিক তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে সিরাজগঞ্জ পৌরসভার ১, ৩ ও ১১ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
আয়োজকরা জানান, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী এবং সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। সঠিক তথ্য প্রাপ্তির মাধ্যমেই এই কল্যাণমুখী কার্যক্রমের পরবর্তী ধাপসমূহ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।




