সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে মাদক, ধর্ষণ ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনজনকে গ্রেফতার করেছে।
থানা পুলিশ জানায়, গত ২৭ নভেম্বর (২০২৬) শাহজাদপুর থানার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযানে ছিলেন। দুপুর আনুমানিক আড়াইটার সময় পারকোলা বাজারে দায়িত্ব পালনকালে তারা গোপন সূত্রে খবর পান, বাঁঁচামারা পশ্চিমপাড়া এলাকায় করতোয়া নদীর তীরে এক ব্যক্তি ইয়াবা বিক্রি করছে।
খবর পাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দুপুর ৩টা ৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানের টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরে ফেলা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় সাদা পলিথিনে মোড়ানো ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পলিথিন বাদে ইয়াবাগুলোর ওজন ৬ গ্রাম পরিমাপ করে বিকেল ৩টা ৩৫ মিনিটে জব্দ তালিকা অনুযায়ী তা জব্দ করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্য দুটি অভিযানে ধর্ষণ মামলার আসামি হিসেবে নাটোরের সিংড়া থানার লক্ষ্মীখোলা (লই খোলা) গ্রামের মোঃ হেলাল প্রমাণিকের ছেলে মোঃ মেনহাজ আলীকে (২০) এবং সন্ত্রাস বিরোধী আইনের মামলায় শাহজাদপুরের নলুয়া এলাকার হান্নান প্রামানিকের ছেলে মোঃ সোহেল রানাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত তিন আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।



