পিরোজপুর মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ সংলগ্ন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে। ঘটনাটিকে সম্ভাব্য নাশকতা বলে ধারণা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা আরাফাত পরিবহনের (খুলনা-ব-১১৫) একটি বাসের পেছনের দিকের আসনে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এ সময় স্ট্যান্ডে থাকা অন্য বাসের হেলপাররা আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি আসন পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় স্ট্যান্ডে থাকা অন্য বাসগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রাব্বি, থানা পুলিশের সদস্য এবং উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, রাত ১২টার দিকে বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তাঁরা। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর ধারণা, নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে।
অগ্নিকাণ্ডের কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ।



