আগামী বছরের ১ জানুয়ারি (২০২৭) অনেকের চাকরির বয়সসীমা ৩৫ বছর পেরিয়ে যাবে। এর আগেই, অর্থাৎ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরবর্তী নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
আজ শনিবার (২৮ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এমন দাবি করেন তিনি।
পোস্টে তিনি লিখেন, ‘১ জানুয়ারী ২০২৭ অনেকের বয়স সীমা ৩৫ বছর ক্রস করবে। শিক্ষক হতে আগ্রহী লাখো শিক্ষার্থীর স্বপ্ন ধুলায় মিশে যাবে। অপেক্ষা সেই ২০২৩ সাল হতে। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের বিনীত দৃষ্টি আকর্ষণ, ৩১ ডিসেম্বরের আগে NTRCA এর সার্কুলার দিয়ে দিলে খুব উপকার হত। আমি তো বয়স শেষ হতে যাওয়া শিক্ষার্থীদের কোন অপরাধ দেখি না, যে কেন তারা এই পরিনাম ভোগ করবে।
তিনি আরও লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার, শিক্ষামন্ত্রী মহোদয়, স্যারের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদি আমিন স্যার সহ সকলের নিকট আরজি জানাচ্ছি NTRCA সার্কুলারটা ৩১ ডিসেম্বরের আগেই দিয়ে দিন, পরীক্ষা যখন হয় নিন, কিন্তু বয়স শেষ হবার আগেই আবেদনের সুযোগটা দিন।’
পরিশেষে তারেক রহমান লিখেন, ‘এই একটা ক্ষেত্রেই কেবল ৩৫ বছর বয়সে আবেদন করা যায়, তাই এই সংকট বিবেচনায় বিনীত সহযোগিতা প্রার্থনা করছি।’





