সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার
চলাকালে দেশে ফেরেননি। এখন দেশে ফিরতে চাইলে ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ
চুক্তির মাধ্যমেই তাকে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী
ও মাফিয়া দল। আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে তারা প্রমাণ করেছে, তাদের কোনো পরিবর্তন
হয়নি এবং তারা শুধরাবে না। এছাড়াও তিনি বলেন, আন্তর্জাতিক নদীর পানি একতরফাভাবে
প্রত্যাহার করে বাংলাদেশে মরুকরণ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।
শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার
নাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের
বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে আসাদুল
হাবিব দুলু বলেন, তিস্তা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করে পরিকল্পনা মন্ত্রণালয়ে
পাঠানো হয়েছে। এ প্রকল্প নিয়ে তিস্তাপাড়ের মানুষ দ্রুত সুখবর পাবেন বলে আশা প্রকাশ
করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের
প্রধান পৃষ্ঠপোষক মেজার জেনারেল (অব) আমসাআ আমিন (সাবেক রাষ্ট্রদূত), জেলা প্রশাসক
অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদ প্রশাসক ও জেলা
বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার
রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও দলীয়
নেতাকর্মীরা।



