চাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০)ও সামিরা (৮) নামে চাচাতো-ফুফাতো দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৬ নম্বর কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের সিকদার বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ওই গ্রামের রহিম হোসেনের মেয়ে। অপর শিশু সামিরা চট্টগ্রাম থেকে পূজার ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। সে বিল্লাল হোসেনের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো-ফুফাতো বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুর ১টার দিকে শিশু দুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করেন। এরপর তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জহিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার দুটিতে শোকের মাতম চলছে। হৃদয়বিদারক এ ঘটনায় উজানী গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




