কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বুধবার (২৮ অক্টোবর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, ওই দিন আনুমানিক সকাল ৮টা ৪০ মিনিটে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় সীমান্তবর্তী গুইজ্জা খাল সংলগ্ন ‘মিজানের ঘের’ নামক এলাকায় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যদের সন্দেহ হয়।
টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতে থাকা পোটলাগুলো ফেলে দ্রুত একটি ঘেরে ঝাঁপ দিয়ে নিকটস্থ গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
ঘটনার সঙ্গে জড়িত পলাতক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে ঘটনাস্থল ও এর পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।




