কালীগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন আর নেই

 ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন (৫৮) আর নেই। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাদ জোহর কালীগঞ্জ সরকারি ভূষণ স্কুল ঈদগাহ মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর নিজ গ্রাম উপজেলার খামারমুন্দিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, আগের দিন রাজনৈতিক সহকর্মী বাহারুল ইসলাম কাজলের বাড়িতে বেড়াতে ঢাকায় যান ইসরাইল হোসেন জীবন। সেখানে অবস্থানকালে রাত ২টার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অবিবাহিত ইসরাইল হোসেন জীবন মৃত্যুকালে দুই ভাইসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
ইসরাইল হোসেন জীবন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছাড়াও ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজায় অংশ নেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর থানা বিএনপির সভাপতি কামাল আরাদ পান্নু, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ডা. নুরুল ইসলাম ও ইলিয়াস রহমান মিঠুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইসরাইল হোসেন জীবনের মৃত্যুতে কালীগঞ্জ উপজেলা বিএনপি দুই দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top