কিশোরগঞ্জে মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 এলাকায় দ্বীনি শিক্ষা প্রসার, কোরআন-হাদিসের আলো ছড়িয়ে দেওয়া এবং অসহায় এতিম শিশুদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল গড়ে তোলার মহৎ উদ্দেশ্য নিয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর শেখ বাড়িতে শুভ উদ্বোধন হলো বাগে জান্নাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকাল থেকেই মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় মুসল্লি, অভিভাবক, শিক্ষক, ছাত্র, আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাকচান্দা সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুল হকের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাদেক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক মিয়া সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সন্তানদের নৈতিক ও দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মোবাইল, মাদক ও অপসংস্কৃতির ছোবল থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। বাগে জান্নাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এলাকার শিশুদের জন্য দ্বীনি শিক্ষার পাশাপাশি আদব-আখলাক, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখার একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, এতিমখানা প্রতিষ্ঠা করা অত্যন্ত সওয়াবের কাজ। রাসুল (সা.) এতিমদের লালন-পালনকারীদের জান্নাতে নিজের পাশে থাকার সুসংবাদ দিয়েছেন। অসহায় এতিম শিশুদের পাশে দাঁড়ানো, তাদের খাবার, বাসস্থান ও শিক্ষার ব্যবস্থা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব। এই প্রতিষ্ঠান সেই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ, মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, ছাত্র-শিক্ষকদের সফলতা এবং এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী সকলে মাদ্রাসা ও এতিমখানাটির জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top