যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বগুড়ায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা ছাত্রদল। শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সকাল ৭টায় বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতৃবৃন্দ।
পরবর্তীতে বিকেল ৩টায় জেলা বিএনপি আয়োজিত আনন্দ শোভাযাত্রায় বিশাল মিছিল নিয়ে অংশ নেয় জেলা ছাত্রদল। ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত এ মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন।
এ ছাড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সদস্যসচিব মো. রাফিউল আল আমিন, সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা ও সদস্যসচিব সোহাগ হোসেনসহ জেলা, শহর ও বিভিন্ন কলেজ ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী এ শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের এক অবিচ্ছেদ্য ইতিহাস। বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। এ দিনের চেতনা ধারণ করে গণতন্ত্র সুরক্ষায় ছাত্রসমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।




