কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 ‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। জেলা আইডিইবি কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সড়ক বিভাগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এরআগে প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এসময় আইডিইবি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মো. রায়হান মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশিষ কুমার বসু রায়, জেলা আইডিইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রুকুনুজ্জামান, প্রকৌশলী মো. সোয়াইবুর রহমান, প্রকৌশলী মো. ফারুক মিয়া ও প্রকৌশলী মো. আব্দুল আজিজ খোকন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদ্মা সেতু, মেট্রোরেল ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্পে তাদের দক্ষতা ও শ্রমের স্বাক্ষর রয়েছে। উন্নত বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের আরও দক্ষ, আধুনিক ও কর্মমুখী করে গড়ে তোলার পাশাপাশি কুড়িগ্রামের উন্নয়নেও তাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top