বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার ভেতরে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ পরিস্থিতিতে রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে শ্রমিকরা যথারীতি কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। পরে বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। ছুটি ঘোষণার পর শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানা ত্যাগ করে নিজ নিজ বাসায় ফিরে যান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, বেতন বৃদ্ধির দাবিতে এপেক্স ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করেছেন। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানা এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।




