ছাগলনাইয়ায় মোঃ আবদুল হক হুজুর (৪৫) নামের এক চালককে কুপিয়ে হত্যা ও তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
৭ নভেম্বর শনিবার সকালে উপজেলার চাঁদগাজী বটতলী বাজার মেইন রোডে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় বাসিন্দা রহিম উল্যাহ মানিক, আহসান হাবীব আরাফাত, মোঃ শাহজাহান রুজেট ভূঁইয়া, নুর ইসলাম, আসিফ, মিজান, তানজিভ, একরামুল হক, রনি ও নিহতের ছেলে সিফাত প্রমুখ।
এতে মহামায়া ইউনিয়নের মাটিয়াগোধাসহ বিভিন্ন গ্রামের লোকজন অংশ নেন।
বক্তাগণ অবিলম্বে মোঃ আবদুল হক হুজুরকে কুপিয়ে হত্যা ও তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চাঁদগাজী থেকে বাংলা বাজার এলাকায় নিয়ে যাত্রীবেশী ছিনতাইকারীরা চালক মোঃ আবদুল হক হুজুরকে কুপিয়ে তার ব্যাটারি চালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। ২৪ অক্টোবর শনিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু তাহের বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আমাদের চেষ্টা চলছে।
নিহত মোঃ আবদুল হক হুজুর ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে।




