‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সমবায় মেলা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ।
জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. আশিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মুর্শিদ আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো. জাফর ইকবাল, নবদিগন্ত কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী পরিচালক মো. বজলুর রহমানসহ বিভিন্ন সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তারা।
দিবসটি উপলক্ষে আয়োজিত সমবায় পণ্য মেলায় ১৩টি স্টলে বিভিন্ন উদ্যোক্তা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। এসব স্টলে সবজি, গার্মেন্টস শিল্প, হস্তশিল্প ও কুটিরশিল্পের বিভিন্ন পণ্য স্থান পায়।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য আয়োজনের মধ্যে ছিল দুগ্ধ প্রকল্পের আওতায় ১৪ জন সুবিধাভোগীর মধ্যে গাভী পালন ও দুগ্ধ উৎপাদনের জন্য সুদমুক্ত ঋণ বিতরণ। এ প্রকল্পের আওতায় মোট ১৪ লাখ টাকার ঋণের চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
জনা গেছে, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় সমবায় দিবসের এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী।




