নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে ৫৩৭ বছরের ঐতিহ্য ধরে শুরু হয়েছে নয় দিনব্যাপী শ্রী শ্রী কালীমাতা পূজা।
৮ নভেম্বর (রবিবার) থেকে শুরু হওয়া এ ধর্মীয় উৎসব চলবে আগামী ১৬ নভেম্বর (সোমবার) পর্যন্ত। পূজাকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় আমেজ বিরাজ করছে।
মন্দির কমিটির আয়োজনে সনাতন ধর্মের রীতিনীতি অনুসরণ করে অশুভ শক্তির বিনাশ, দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্বশান্তি কামনায় এ পূজার আয়োজন করা হয়েছে। নয় দিনব্যাপী এ আয়োজনে শ্রী শ্রী কালীমাতার আরাধনা, ধর্মীয় আচার অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনায় অংশ নেবেন ভক্তরা।
আয়োজক সূত্রে জানা যায়, বুধপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরটি ১৪৯০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৫৩৭ বছর ধরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্যের সঙ্গে এ মন্দিরে পূজার আয়োজন হয়ে আসছে। প্রজন্ম থেকে প্রজন্মে এ ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।
প্রতিমা নির্মাতা সনজিত কুমার জানান, প্রতি বছর প্রায় ৩৩ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করা হয়। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে এ মন্দিরের কালীপ্রতিমা নির্মাণের কাজ করে আসছেন। বছরের পর বছর নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে প্রতিমা তৈরির মাধ্যমে তিনি এ ঐতিহ্য ধরে রাখতে কাজ করে যাচ্ছেন।
মন্দির কমিটির সভাপতি শতদল কুমার পাল ও সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা বলেন, দেশ ও দশের মঙ্গল কামনায় দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য অনুসরণ করে এ পূজার আয়োজন করা হয়েছে। তাঁরা পূজার নয় দিন ভক্ত, দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের স্ববান্ধবে উপস্থিত হয়ে শ্রী শ্রী কালীমাতার আশীর্বাদ গ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সবার সহযোগিতা ও অংশগ্রহণে এবারের নয় দিনব্যাপী পূজা সুন্দর, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হবে।



