শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন, ই-মেইল দিল্লি থেকে ঢাকায় পাঠানো হয়েছে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের কাছ থেকে একটি ই-মেইল পেয়েছে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন। ইমেইলে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানানো হয়েছে।

ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, ই-মেইলে আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী পরিচয় দিয়ে তার পক্ষে যোগাযোগের কথা জানিয়েছেন। কিন্তু তার পক্ষে আবেদন করার অনুমোদন বা অথোরাইজেশন–সংক্রান্ত কোনো প্রমাণপত্র সংযুক্ত করেননি। ফলে আবেদনটির সঙ্গে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

দিল্লির একটি কূটনৈতিক সূত্র সোমবার সকালে ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ই-মেইল পাওয়ার পরপরই পরবর্তী করণীয় জানতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানায় হাইকমিশন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রও ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির কিছুক্ষণের মধ্যে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে হাইকমিশনকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাতে জানায়, দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা।

ভারতে অবস্থানরত শেখ হাসিনার এ পদক্ষেপকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top