সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে সাভার পৌর ছাত্রদলের সভাপতি আরমান হোসেন বাবুকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।
একই সঙ্গে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন আহমেদকে অব্যাহতিসহ আরও কয়েকজন নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল এ সিদ্ধান্ত অনুমোদন করেন। সংগঠনের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার পৌর ছাত্রদল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাংগঠনিক কাজে অবহেলার কারণে আরমান হোসেন বাবুকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রম গতিশীল করতে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ আরও কয়েকজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংগঠনের কার্যক্রমে অংশ না নেওয়া দায়িত্বশীলদের সংগঠনমুখী করা এবং সার্বিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সাময়িক ব্যবস্থা উল্লেখ করা হয়েছে। এমআই/বার্তা বাজার




