ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই পোস্টের নেপথ্যে ছিল ভারত সরকারের নিয়োগ করা একটি মার্কিন লবিং ফার্ম। প্রতিষ্ঠানটিকে মাসে ৭৫ হাজার ডলার পারিশ্রমিক দিত ভারত সরকার। মার্কিন সরকারের কাছে জমা দেওয়া নথিতে প্রতিষ্ঠানটি ট্রাম্পের ওই পোস্টের ব্যবস্থা করার কথা উল্লেখ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ারের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্টের (এফএআরএ) আওতায় জমা দেওয়া নথির ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত জুনে নরেন্দ্র মোদির দীর্ঘ শাসনকাল উপলক্ষে ট্রুথ সোশ্যালে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট দেন ট্রাম্প। মার্কিন লবিং প্রতিষ্ঠান মারকিউরি পাবলিক অ্যাফেয়ার্স ওই পোস্টের বিষয়টি নিজেদের কার্যক্রমের অংশ হিসেবে নথিভুক্ত করেছে।

ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পর মারকিউরি পাবলিক অ্যাফেয়ার্সকে নিয়োগ দেয় ভারত সরকার। প্রতিষ্ঠানটির সাথে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। এর অন্যতম সদস্য ব্রায়ান লানজা। তিনি ট্রাম্পের ক্ষমতা হস্তান্তরকালীন দলের যোগাযোগ পরিচালক ছিলেন। এ ছাড়া ট্রাম্পের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।

দ্য ওয়ার জানিয়েছে, ট্রাম্পের আরেক ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের প্রতিষ্ঠানও ভারত সরকারের হয়ে কাজ করেছে। প্রতিষ্ঠানটির নাম এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি। গত মে ও জুনে ভারতীয় কর্মকর্তা ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আটটি টেলিফোন আলোচনার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এসব আলোচনার মূল বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক। এফএআরএর নথিতে বৈঠকগুলোকে প্রতিষ্ঠানটির রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ভারত সরকার ২০২৫ সালের এপ্রিলে জেসন মিলারের প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়। তবে ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়। জেসন মিলার ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে যোগ দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সঙ্গে প্রতিষ্ঠানটির মাসিক দেড় লাখ ডলারের চুক্তি ছিল। এর আওতায় মার্কিন প্রশাসন ও কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নীতিনির্ধারণী সংস্থাগুলোর সঙ্গেও যোগাযোগের দায়িত্ব ছিল। বিভিন্ন নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়াও ছিল তাদের কাজের অংশ।

নথি অনুযায়ী, গত মে মাসে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে হোয়াইট হাউসের কয়েকজন শীর্ষ কর্মকর্তার আলোচনার ব্যবস্থা করে মিলারের প্রতিষ্ঠান। তাঁদের মধ্যে ছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহাম। এ ছাড়া সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঞ্জও আলোচনায় যুক্ত ছিলেন।

পরে জুনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের আলোচনা হয়। একই সময়ে ট্রাম্পের নীতিবিষয়ক সহকারী ওয়াকার ব্যারেটের সঙ্গেও যোগাযোগ হয়। আলোচনায় যুক্ত ছিলেন হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিউং।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী বিদেশি সরকারের হয়ে লবিং করা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কাজের বিবরণ প্রকাশ করতে হয়। একই সঙ্গে চুক্তি ও আর্থিক পারিশ্রমিকের তথ্যও জানাতে হয়।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top