নওগাঁর ধামইরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হানজালার নেতৃত্বে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপজেলার আটটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলমপুর ইউনিয়নের ফারুক-তুষার জুটি। অন্যদিকে রানার্সআপ হয় হানজালা-ফরিদ জুটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ বলেন, “পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি রাজনৈতিক সমন্বয়ের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি হয়। রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ক্রীড়া উইং গঠন করা হলে ভবিষ্যতের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নতুন নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক বলেন, “ক্রীড়াচর্চাই যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি ক্রীড়াবিদদের প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দকে আরও উদার ও সহযোগিতাপূর্ণ হওয়ার আহ্বান জানান।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন ধামইরহাট পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম মন্ডল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও নওগাঁ জেলা যুবদলের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম লিটন, ধামইরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেওয়ান মোসাদ্দেকুল ইসলাম, ধামইরহাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রুবেল হোসেন রতন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ওমর ফারুক রোমন, ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম রহমান, পৌর ছাত্রদল নেতা ফয়সাল আহমেদসহ স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।




