পাকিস্তানে বাড়ছে দারিদ্র্য ও ক্ষুধা, উপেক্ষিত মানব উন্নয়ন

অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে সরকারি দাবির বিপরীতে সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদনে পাকিস্তানে দারিদ্র্য আরও গভীর হওয়া এবং মানব উন্নয়ন সংকটের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।

বিশ্বব্যাংকের পাকিস্তান পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ অনুযায়ী, দেশটির জাতীয় দারিদ্র্যের হার ২০১৮-১৯ অর্থবছরের ২২ শতাংশ থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ২৯ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, দেশজুড়ে প্রায় ৭ কোটি দরিদ্র মানুষ জাতীয় দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। অর্থনৈতিক বৈষম্য পরিমাপের সূচক জিনি ইনডেক্স ২৮ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্বব্যাংকের আঞ্চলিক অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, এমইএনএএপি (MENAAP) অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর প্রায় অর্ধেকের বসবাস পাকিস্তানে। বিশ্বব্যাংক দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে পাকিস্তানের এই বিপর্যয়ের জন্য কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক অভিঘাত, ২০২২ সালের ভয়াবহ বন্যা, উচ্চ মূল্যস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়নকে দায়ী করেছে।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০২৫ সালের বৈশ্বিক বহুমাত্রিক দারিদ্র্য সূচক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মোট জনসংখ্যার ৩৮ দশমিক ৩ শতাংশ বা ৯ কোটি ৫০ লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। অর্থাৎ, তারা শুধু অর্থের অভাবেই ভুগছে না, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো মৌলিক প্রয়োজন থেকেও বঞ্চিত। আরও ৩ কোটি ২০ লাখ মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছে। পাকিস্তানে দরিদ্র জনগোষ্ঠীর হার ৩৮ দশমিক ৩ শতাংশ, যা ভারতের ১৬ দশমিক ৪ শতাংশ এবং বাংলাদেশের ১৪ দশমিক ৯ শতাংশের তুলনায় অনেক বেশি।

২০২৬ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকেও বঞ্চনার উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। ১২২টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১০৬তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানের ক্ষুধা সূচকের স্কোর সবচেয়ে বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যপণ্যের মূল্যস্ফীতির কারণে পরিবারের ক্রয়ক্ষমতা কমেছে এবং খাদ্যপ্রাপ্তির সুযোগ সীমিত হয়েছে। এতে দেখা গেছে, পাকিস্তানে অপুষ্টির মাত্রা ২০১৮ সালে ‘নিম্ন’ পর্যায়ে থাকলেও বর্তমানে তা ‘মাঝারি’ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে শিশুদের শারীরিক উচ্চতার তুলনায় কম ওজনের হারও ‘উচ্চ’ পর্যায়ের দিকে এগোচ্ছে।

কয়েক দশকের ভুল সরকারি নীতির মধ্যেই দারিদ্র্যের শিকড় প্রোথিত।

এসব প্রতিবেদন সংকটের ভয়াবহতাই তুলে ধরেছে। ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত জাতীয় প্রতিনিধিত্বশীল একটি মানসিক স্বাস্থ্য জরিপে (২০১৮-২২) উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, পাকিস্তানের প্রতি তিনজনের একজন শনাক্তযোগ্য মানসিক বা আচরণগত ব্যাধিতে ভুগছেন। প্রতি পাঁচজনের একজন পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা আঘাত-পরবর্তী মানসিক চাপজনিত ব্যাধির নির্ধারিত মানদণ্ড পূরণ করেন। উদ্বেগজনকভাবে, ৬ শতাংশ মানুষ আত্মহত্যার চিন্তার কথা জানিয়েছেন এবং প্রতি ১০ জনের একজনের বেশি বিষণ্নতায় ভুগছেন। মানসিক ব্যাধির এই উচ্চ হারের সঙ্গে নিম্ন আয়, শিক্ষার অভাব, বেকারত্ব, বয়স এবং পারিবারিক পরিস্থিতির অস্থিতিশীলতার সম্পর্ক রয়েছে।

পাকিস্তানে মানব উন্নয়ন দীর্ঘদিন ধরেই উপেক্ষিত একটি অগ্রাধিকার। ইউএনডিপির ২০২৫ সালের মানব উন্নয়ন প্রতিবেদনে ১৯৩টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৬৮তম। দেশটি ‘নিম্ন মানব উন্নয়ন’ শ্রেণিতে রয়েছে। আফগানিস্তান ছাড়া আঞ্চলিক সব দেশই মানব উন্নয়ন সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে।

কয়েক দশকের ভুল সরকারি নীতি ও সুশাসনের অভাবের মধ্যেই দারিদ্র্যের শিকড় প্রোথিত। মানব উন্নয়নকে কেবল লোকদেখানো গুরুত্ব দেওয়া হয়েছে। বিষয়টি মূলত সরকারি ভাষণ ও নির্বাচনী ইশতেহারেই সীমাবদ্ধ থাকে। কোভিড-১৯, বন্যা এবং জলবায়ু পরিবর্তনের বৃহত্তর প্রভাব অর্থনীতিকে বিপর্যস্ত করলেও সরকারের অগ্রাধিকার তালিকায় মানব উন্নয়নের বিষয়টি খুব কমই স্থান পায়।

ভূরাজনৈতিক পরিস্থিতি, চলমান সীমান্ত উত্তেজনা এবং সাম্প্রতিক সময়ে উপসাগরীয় যুদ্ধের অভিঘাত মানব উন্নয়ন থেকে সম্পদ ও মনোযোগ সরিয়ে নিরাপত্তা খাতে কেন্দ্রীভূত করেছে। অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ পরিস্থিতিকে আরও জটিল করেছে। এসব কারণে রপ্তানি বাধাগ্রস্ত হয়েছে এবং বিদেশি বিনিয়োগ সংকুচিত হয়েছে। দুটি প্রদেশে সন্ত্রাসবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্থানীয় বিনিয়োগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে অনেক বিদেশি কোম্পানি ব্যবসা গুটিয়ে পাকিস্তানের বাজার থেকে তাদের পুঁজি প্রত্যাহার করতে বাধ্য হয়েছে।

কৃষি দীর্ঘদিন ধরে জাতীয় অর্থনীতির ভিত্তি এবং লাখ লাখ মানুষের খাদ্যনিরাপত্তার উৎস হিসেবে কাজ করে আসছে। কিন্তু সাম্প্রতিক কয়েক দশকে পরিকল্পিতভাবে এই খাতকে দুর্বল করে দেওয়া হয়েছে। কৃষি উপকরণের দাম ব্যাপকভাবে বৃদ্ধি, পানি খাতের অব্যবস্থাপনা, দ্রুত ভূমির অবক্ষয় এবং শোষণমূলক বাজারব্যবস্থা এই গুরুত্বপূর্ণ খাতকে বিপর্যস্ত করেছে। জ্বালানির আকাশচুম্বী দাম, অনির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহব্যবস্থা এবং পেট্রোলিয়াম সারচার্জসহ বিপুল করের বোঝায় কৃষি খাতের জন্য জ্বালানির ব্যয় অত্যধিক বেড়ে গেছে। পেট্রোলিয়াম পণ্যের দাম অসহনীয়ভাবে বাড়ায় পরিবহন ভাড়াও বেড়েছে। ফলে খামার থেকে বাজার পর্যন্ত সরবরাহব্যবস্থার ব্যয় বৃদ্ধি পেয়েছে। এর পরিণতিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি লাখ লাখ পরিবারকে খাদ্যতালিকায় ছাড় দিতে বাধ্য করেছে।

দুঃখজনকভাবে, পাকিস্তানের লাখ লাখ পরিবারের অস্তিত্বের জন্য দারিদ্র্য ও ক্ষুধা বড় চ্যালেঞ্জ হয়ে উঠলেও এসব বিষয়ে জাতীয় পর্যায়ে কোনো মনোযোগ নেই। জাতীয় আলোচনায় বিষয়গুলো খুব কমই স্থান পায়। বিশেষ করে ইলেকট্রনিক গণমাধ্যমে এসব নিয়ে আলোচনা প্রায় অনুপস্থিত। সেখানে গভর্নরের শাসন ও নতুন প্রদেশ গঠনের মতো বিষয় নিয়ে উত্তেজনাপূর্ণ টক শো চলতেই থাকে। জনগণকে প্রকৃত সমস্যা থেকে মনোযোগ সরিয়ে রাখা এবং গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলোর অনুসন্ধান ও ফলাফল আলোচনায় অন্তর্ভুক্ত না করা নাগরিকদের হতাশা কমাতে পারবে না।

লেখক সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউটের পানি শাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা।

তথ্যসূত্র: ডন

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

মক্কার আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত, ধ্বংসাবশেষ পড়ল মসজিদুল হারামের কাছে

সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ভূপাতিত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা

সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গোলাম সারওয়ার মিশুর প্রচার ও প্রতিপক্ষে…

   আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১নং সিরাজপুর

Scroll to Top