নরসিংদীর মনোহরদীতে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আপন চাচা-চাচিদের বিরুদ্ধে মা ও মেয়ের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাবলের আঘাতে মায়ের মাথায় গুরুতর জখম হয়েছে। আহত মা বর্তমানে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় মা-মেয়েকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সুমা আক্তার (৩০) মনোহরদী থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন রফিকুল ইসলাম (৬০), রমজান আলী (৫৫), বিলকিছ (৫০) ও রোকেয়া বেগম (৪৮)। তারা সম্পর্কে সুমা আক্তারের আপন চাচা ও চাচি।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। সুমা আক্তারের অভিযোগ, তার বাবা অসুস্থ থাকার সুযোগে অভিযুক্তরা তাদের পৈতৃক জমিতে বসতঘর নির্মাণ করেন। এ নিয়ে প্রতিবাদ করলে বিভিন্ন সময় হুমকি দেওয়া হতো। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে জমির দলিল যাচাই-বাছাই করা হলে অভিযুক্তরা তাদের জমিতে বসতঘর নির্মাণ করেছেন বলে প্রতীয়মান হয়। তবে সালিশের সিদ্ধান্ত না মেনে অভিযুক্তরা তাদের বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন সন্ধ্যায় বসতবাড়ির সামনে সুমা আক্তার ও তার পরিবারের সদস্যদের দেখতে পেয়ে অভিযুক্তরা গালিগালাজ শুরু করেন। এর প্রতিবাদ করলে তারা বাড়ি থেকে ধারালো দা, লোহার শাবল ও লাঠিসোঁটা নিয়ে এসে অতর্কিত হামলা চালান। এ সময় পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করেন।
একপর্যায়ে ১ নম্বর অভিযুক্ত রফিকুল ইসলাম লোহার শাবলের ধারালো অংশ দিয়ে সুমার মায়ের মাথা লক্ষ্য করে আঘাত করেন। এতে তার মায়ের মাথার ডান পাশে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া ২ নম্বর অভিযুক্ত রমজান আলী সুমার মায়ের পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়। অন্যদিকে ৩ নম্বর অভিযুক্ত বিলকিছ সুমার পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করেন এবং ৪ নম্বর অভিযুক্ত রোকেয়া বেগম তার গলায় থাকা প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তাদের ডাক-চিৎকারে সুমার ভাই সুমন মিয়াসহ স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে এলাকাবাসীর সহায়তায় গুরুতর আহত সুমার মাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সুমা আক্তার অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় তাদের প্রাণনাশের হুমকি দেন। মায়ের চিকিৎসা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়েছে।
তবে এ বিষয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন।
এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”



