পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী (জগন্নাথকাঠী) বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে চার ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারা অনুযায়ী অপরাধের দায়ে চার ব্যবসায়ীকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও পথ আটকে পন্য রাখায় সতর্ক করা হয় একাধিক ব্যবসায়ীকে।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন শরিফুল ইসলাম (২৬), মো. মান্নান (৫৫), মো. আরমান (৩৫) ও মো. আবু হানিফ (৬০)।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




