বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে যুক্তরাজ্যের ডাচেস অব এডিনবার্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রোহিঙ্গা সংকটের পাশাপাশি ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
বিশেষ করে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি এবং নারী ও শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি।




