জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেছেন, কয়েক দিন ধরেই অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল।
এ ঘটনায় গত ২৮ অক্টোবর রাতে পাওয়া একটি হুমকির কলসহ সার্বিক বিষয় উল্লেখ করে ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি। তবে জিডি করার পরও হুমকি অব্যাহত ছিল বলে জানিয়েছেন এ সংসদ সদস্য।
এরই মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ানে তার পৈতৃক বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন নুসরাত তাবাসসুম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে দৌলতপুরের বাগোয়ানে ক্ষতিগ্রস্ত বাড়ির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এর আগে আগের রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ছুটে আসেন নুসরাত। সংবাদ সম্মেলনে তার বাবা আব্দুল হালিম এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম জানান, বেশ কয়েক দিন ধরেই অপরিচিত ও স্ক্যাম নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে পাওয়া একটি হুমকির কলসহ বিষয়টি উল্লেখ করে তিনি কলাবাগান থানায় জিডি করেন। কিন্তু এরপরও হুমকি দেওয়া বন্ধ হয়নি।
হামলার রাতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ঘটনার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ফেসবুকে একটি সতর্কতামূলক ও হুমকিস্বরূপ পোস্ট দেন। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে বাড়িতে পরপর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে মনে হয়েছে, এটি পেট্রোল বোমা হামলা।’
এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত নন দাবি করে নুসরাত তাবাসসুম বলেন, ‘আমি মনে করি, এটি সুপরিকল্পিত ঘটনা এবং আওয়ামী লীগেরই কাজ। হামলার পর তাদের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসও করছে।’
তিনি আরও বলেন, এ ধরনের হামলা চালিয়ে তাকে কিংবা জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত কাউকে দমিয়ে রাখা যাবে না। গত ১৭ বছরে দেশের মানুষ এ ধরনের অসংখ্য ঘটনা দেখেছে। তারই পরিণতিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ঘটেছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য অভিযোগ করেন, ঘটনার ১২ ঘণ্টা পার হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করেনি। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে জানিয়েছেন, আলামত সংগ্রহের জন্য ঢাকা থেকে ফরেনসিক দল আসছে।
সংবাদ সম্মেলন শেষে এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা করবেন বলে জানান নুসরাত তাবাসসুম। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।




