সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে এলপিজি সিলিন্ডার গ্যাস মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দাইকোনা, ভুঁইয়াগাতী ও নিমগাছী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ।
অভিযানের বিবরণ অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মেসার্স ছোয়া স্টোর নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধ সিলিন্ডার মজুত, অতিরিক্ত মূল্য আদায়, বিস্ফোরক লাইসেন্সের অনুপস্থিতি এবং মূল্য তালিকা ও ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বাবলু কুমার তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে একই অভিযোগে মেসার্স নাফিউ অ্যান্ড সজীব ট্রেডার্স-এর মালিক ইয়াসিন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক সোহেল শেখ জানান, সাধারণ ভোক্তা অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনীর একটি দল উপস্থিত ছিল।




