- তারিকুল আলমঃ রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। আটক স্মৃতি ইসলাম সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা এবং চুরি-ছিনতাই রোধে ঝুরঝুরি বাজার এলাকায় নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে পুলিশ অবস্থান করছিল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসার সময় স্মৃতি ইসলামকে থামার সংকেত দেওয়া হলে তিনি পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু জব্দ করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে এবং সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।




