শেয়ার করুন

পটিয়ায় ঈগল বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

  চট্টগ্রামের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফারাজ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশের নিচে আটকে যায়। এতে ঘটনাস্থলেই ফারাজের মৃত্যু হয়। আহত অপর আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহত ফারাজ লোহাগাড়া উপজেলার বাসিন্দা। তিনি মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন তিনি।

কুসুমপুরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত অবস্থায় দেখতে পান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।

পটিয়া হাইওয়ে থানার এএসআই বেলাল উদ্দিন জানান, নিহত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top