শেয়ার করুন

আট মাস পর শরণখোলা থেকে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

 সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় কয়রা থানা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রাম থেকে আফরোজা সুলতানা (১৬) নামের ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। সে স্থানীয় জাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগীর মা আসমা পারভীন বাদী হয়ে গত ২৫ মার্চ কয়রা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। তখন থেকেই ছাত্রীটিকে উদ্ধার এবং অপরাধীদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ।

​তদন্ত সংশ্লিষ্টরা জানান, অপহরণকারীরা বারবার তাদের মোবাইল নম্বর ও অবস্থান পরিবর্তন করায় তাদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছিল। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার গল্লামারি এলাকা থেকে অপহরণকারীদের সহযোগী ইউছুপ গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। একই অভিযানে অপহরণের মূল অভিযুক্ত রুবেল গাজী ও তার মা আছিয়া খাতুনকেও গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—কয়রা উপজেলার মাদারবাড়িয়া গ্রামের সামাদ গাজীর ছেলে মো. রুবেল গাজী (২৮), তার মা আছিয়া খাতুন (৪৮) এবং ভাই ইউছুপ গাজী (২৪)।

​মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার উপপরিদর্শক (এসআই) বিজন কুমার মন্ডল জানান, মামলার দায়িত্ব পাওয়ার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শরণখোলায় এক আত্মীয়ের বাড়ি থেকে ওই ছাত্রীকে উদ্ধার এবং মূল অভিযুক্ত ও তার সহযোগীদের আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

​কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top