শেয়ার করুন

শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের পূর্ণ সমর্থন আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রমিকদের ন্যায্য আন্দোলনের প্রতি সরকারের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার প্রস্তুত এবং এ বিষয়ে আলোচনা চলছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ‘ইউএন গ্লোবাল ডে সেলিব্রেশনস’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, প্রকৃত শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে সরকারের কোনো আপত্তি নেই। তবে আন্দোলনের নামে বর্তমানে যে সহিংসতা হচ্ছে, তা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ।

তিনি বলেন, দেশে বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। সরকার স্থিতিশীল রয়েছে এবং ধৈর্যের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে সবকিছুরই একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, অতীতে যেভাবে ১৭ বছর দেশকে জিম্মি করে রাখা হয়েছিল, সেই পরিস্থিতি আবারও তৈরি করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বিদেশি ক্রেতা ও উন্নয়ন সহযোগীরা যখন বাংলাদেশে বিনিয়োগ করছেন, ঠিক সেই সময়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top