কুড়িগ্রামে গত এক সপ্তাহ থেকে আবহাওয়া নিম্নমূখী অবস্থানে রয়েছে। এদিকে গতকাল থেকে সূর্যের দেখা মিলছে না। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পরিবর্তনের ফলে মাঝরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশার চাদরে ঢাকা পরছে চারপাশ। সাথে বইছে মৃদু ঠান্ডা বাতাস। তাপমাত্রা নেমে যাওয়ায় বিপাকে পরেছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। তারা ঠান্ডা উপেক্ষা করে কৃষি জমিতে এবং শহরে শ্রমের কাজ করছে। আজ বিকেল পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। ভোর থেকেই খুব কষ্ট করেই মাঠে কাজ করছে তারা।
কুড়িগ্রাম সদর উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামের কৃষি জমিতে নিড়ানির কাজ করছেন দিনমজুর সাদেক মিয়া। তিনি বললেন, ‘আজ বেলা দেখা যায়নি, কালকের চেয়ে আজ ঠান্ডা বেশি। কাজ করতে একটু সমস্যা হচ্ছে।’
একই এলাকায় ফুলকপি উঠাচ্ছিলেন কৃষক আজমত আলী। তিনি জানালেন, “বাহে ঠান্ডা বুঝি নামি গেইল। ফুলকপি তুলতে হাত অসাড় হয়া যায়।”
এ ব্যাপারে রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হাওয়ায় এ অঞ্চলে তাপমাত্রা কমেছে। এই অবস্থা আগামি সপ্তাহ পর্যন্ত বিরাজমান থাকবে।
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
মোবাইল:০১৭১২-৫০১৮৫২




