ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের ৮টি এসির কপার পাইপ কেটে নিয়ে গেছে চোর। এ ঘটনায় ইমরান (২২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন মসজিদের নৈশপ্রহরী। চুরি হওয়া কপার পাইপের আনুমানিক মূল্য ৭ থেকে ৮ লাখ টাকা বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মসজিদের দ্বিতীয় তলায় স্থাপিত এসির কপার পাইপ কাটার সময় তাকে আটক করা হয়।
মসজিদের সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম জানান, জেলা জামে মসজিদের নিচতলা ও দ্বিতীয় তলায় ৫ টনের মোট ৩৮টি এসি রয়েছে। এর মধ্যে দ্বিতীয় তলায় স্থাপিত ৮টি এসির কপার পাইপ চুরি হয়েছে। এসব এসির আউটডোর ইউনিট রয়েছে তৃতীয় তলার ছাদে। দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত সংযুক্ত দীর্ঘ পাইপগুলো গত কয়েকদিন ধরেই কেটে নিয়ে যাচ্ছিল চোরচক্র।
তিনি আরও জানান, বুধবার দিবাগত রাতে কপার পাইপ কাটার সময় নৈশপ্রহরী একজনকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল জানান, আটক ইমরান (২২) আখাউড়া বড়বাজার রেলগেট সংলগ্ন মেথরপট্টি এলাকার বাসিন্দা। তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেলা জামে মসজিদের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।




