অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনা এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাটোরের লালপুরে তিনজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঞ্জিলপুকুর নছিরবিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—উপজেলার বিলমাড়িয়া (ভাঙ্গাপাড়া) গ্রামের মো. লতিফ মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা (২৪), মাধবপুর (খা পাড়া) গ্রামের মো. ইয়াজুল আলীর ছেলে মো. স্বাধীন আলী (১৯) এবং মোমিনপুর গ্রামের মো. সাজেদুল ইসলামের ছেলে আসিফ আহম্মেদ (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মঞ্জিলপুকুর নছিরবিল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিং ও প্রতারণার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ)/২১(২)/২২(২)/২৭ ধারা এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬/১৭/১৯/২৭ ধারায় লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আটক তিনজনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “অনলাইন জুয়া ও বেটিং পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাকিংয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”



