নাম বদলে আবারও আবাসন ব্যবসা! ওমর ফারুকের ‘দুবাই স্মার্ট রেসিডেন্স’ নিয়ে গুরুতর অভিযোগ, নেই অনুমোদন
পূর্বের কোম্পানি ঘিরে ২৬-২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, পানাম নগর প্রকল্পে একাধিক মামলা; এবার জেনারেল ইউনিটি গ্রুপের ব্যানারে পূর্বাচলে নতুন প্রকল্পের প্রচারণা
নাম বদল, নতুন কোম্পানি, নতুন প্রকল্প আর আকর্ষণীয় বিজ্ঞাপনের আড়ালে আবারও আবাসন ব্যবসা শুরু করার অভিযোগ উঠেছে জেনারেল ইউনিটি গ্রুপের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের ২২ নম্বর সেক্টর ও জিন্দা পার্ক সংলগ্ন এলাকায় ‘দুবাই স্মার্ট রেসিডেন্স’ নামে একটি আবাসন প্রকল্পের প্রচারণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা ভূমি প্রশাসন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বক্তব্য অনুযায়ী, প্রকল্পটির কোনো অনুমোদনের তথ্য পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক এর আগে নর্থ সাউথ গ্রুপের পরিচালক ছিলেন। সেখানে আর্থিক অনিয়মের অভিযোগে তাঁকে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে। পরবর্তীতে তিনি জেনারেল গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আবাসন ব্যবসা শুরু করেন। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে প্রায় ২৬-২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পানাম নগর প্রকল্পের গ্রাহকদের পক্ষ থেকে একাধিক মামলা করা হয়েছে, যেগুলো বর্তমানে চলমান বলে জানা গেছে।
এবার নতুন করে জেনারেল ইউনিটি গ্রুপের ব্যানারে ‘দুবাই স্মার্ট রেসিডেন্স’সহ পূর্বাচল এলাকায় আরও কয়েকটি প্রকল্পের প্রচারণা চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রকল্পের নির্ধারিত জমি ও প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত না করেই বিভিন্ন স্থানে জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড ও ব্যানার স্থাপন করে গ্রাহকদের আকৃষ্ট করা হচ্ছে।
বিজ্ঞাপনে আধুনিক নগরী, বাস্তবে অনুমোদন নিয়ে প্রশ্ন
প্রতিষ্ঠানটির প্রচারপত্রে বলা হচ্ছে, প্রায় ১ হাজার ৪০ বিঘা জমির ওপর গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক আবাসন প্রকল্প। এতে ২.৫, ৩, ৫ ও ১০ কাঠার প্লট, ১০০ ফুট প্রশস্ত প্রধান সড়ক, ৪০, ৬০ ও ৮০ ফুট প্রশস্ত অভ্যন্তরীণ সড়ক, স্কুল, মসজিদ, খেলার মাঠ, নিরাপত্তাব্যবস্থা ও পরিকল্পিত নগরজীবনের নানা সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে।
এ ছাড়া কুড়িল ফ্লাইওভার থেকে ২০ মিনিট এবং জিন্দা পার্ক থেকে মাত্র চার মিনিটের দূরত্বের কথা উল্লেখ করে প্রকল্পটির অবস্থান তুলে ধরা হচ্ছে। প্রতি কাঠায় মাত্র ২০ হাজার টাকা বুকিং মানি, ৩০ শতাংশ ডাউন পেমেন্ট এবং চার, পাঁচ ও ছয় বছর মেয়াদি কিস্তির সুবিধার বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে।
কিন্তু এত বড় আবাসন প্রকল্পের অনুমোদন, জমির মালিকানা, প্রকল্পের বাস্তব অবকাঠামো এবং প্রয়োজনীয় সরকারি ছাড়পত্র নিয়ে দেখা দিয়েছে গুরুতর প্রশ্ন। প্রচারণায় যেসব সুবিধার কথা বলা হচ্ছে, সেগুলোর বাস্তব ভিত্তি কতটুকু, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, প্রকল্পের অনুমোদনের তথ্য নেই
দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদারের কাছে ‘দুবাই স্মার্ট রেসিডেন্স’ প্রকল্পের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এই নামে কোনো প্রকল্পের কথা আমি জানি না। এ ধরনের কোনো অনুমোদনও দেওয়া হয়নি। আমার কাছে মনে হচ্ছে, গ্রাহকদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে এসব প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের প্রকল্পের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, এলাকায় বিভিন্ন সময়ে অনুমোদনহীন আবাসন প্রকল্পের সাইনবোর্ড ও ব্যানার দেখা যায়। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।
ভূমি প্রশাসনের বক্তব্য: প্রকল্পের অনুমোদন নেই
রূপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মারজানুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “দুবাই স্মার্ট রেসিডেন্স প্রকল্পের কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়া এ ধরনের আবাসন প্রকল্প পরিচালনার নিয়ম নেই। পূর্বাচল ও আশপাশের এলাকায় শত শত অনুমোদনহীন প্রকল্প রয়েছে। আমরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন সময়ে এসব প্রকল্পের সাইনবোর্ড ও ব্যানার অপসারণ করছি। দুবাই স্মার্ট রেসিডেন্সের বিষয়েও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
রাজউক চেয়ারম্যানের সতর্কবার্তা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেন, “পূর্বাচল নিউ টাউনের আশপাশে অনেক অনুমোদনহীন আবাসন প্রতিষ্ঠান রয়েছে। দুবাই স্মার্ট রেসিডেন্স প্রকল্পের বিষয়ে তিনি বলেন, অনুমোদন ছাড়া কেউ আবাসন ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি গ্রাহকদের সতর্ক করে বলেন, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও বৈধ কাগজপত্র যাচাই না করে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে প্লট, ফ্ল্যাট কিংবা হোটেলের শেয়ার কেনা উচিত নয়।
ওমর ফারুকের দাবি, তিনি শুধু বেতনভুক্ত ব্যবস্থাপনা পরিচালক
এসব অভিযোগের বিষয়ে জেনারেল ইউনিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “জেনারেল ইউনিটি কোম্পানির সঙ্গে আমি মালিক হিসেবে সম্পৃক্ত নই। আমি এখানে বেতনভুক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে চাকরি করি। প্রকল্পের অনুমোদন কিংবা জমি কেনার বিষয়টি কোম্পানি কর্তৃপক্ষ দেখবে।”
তাঁর কাছে জানতে চাওয়া হয়, একজন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেও প্রকল্পের জমির মালিকানা ও সরকারি অনুমোদন সম্পর্কে না জেনে কীভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করছেন। এ প্রশ্নের জবাবে তিনি ব্যস্ততার কথা বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
কক্সবাজারেও ‘দুবাই কক্স’বে নামে প্রচারণার অভিযোগ
শুধু রূপগঞ্জ নয়, কক্সবাজারেও ‘দুবাই কক্স’বে নামে হোটেল অ্যান্ড রিসোর্টের প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সেখানে একটি জায়গা ভাড়া নিয়ে হোটেল ও রিসোর্টের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। তবে সরেজমিনে প্রকল্পের দৃশ্যমান অবকাঠামো বা ঘোষিত সুযোগ-সুবিধার পরিবর্তে ভাড়া নেওয়া একটি দোকানে বিজ্ঞাপনী লেখা ছাড়া উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি বলে অভিযোগকারীরা দাবি করেছেন।
গ্রাহকদের জন্য সতর্কবার্তা
একদিকে বিশাল আবাসন প্রকল্প, আধুনিক নগরী, উচ্চ মুনাফা ও নিরাপদ বিনিয়োগের প্রতিশ্রুতি; অন্যদিকে প্রকল্পের অনুমোদন, জমির মালিকানা এবং বাস্তবায়ন নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে ‘দুবাই স্মার্ট রেসিডেন্স’ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আবাসন প্রকল্পে বিনিয়োগের আগে রাজউকের অনুমোদন, জমির মূল দলিল, খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন কর, প্রকল্পের ছাড়পত্র এবং জমির বাস্তব দখল যাচাই করা জরুরি। শুধু ব্যানার, বিজ্ঞাপন কিংবা আকর্ষণীয় কিস্তির প্রলোভনে পড়ে কোনো প্রতিষ্ঠানে অর্থ জমা দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।



