নেত্রকোণার মদন উপজেলায় দুস্থ নারীদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভালনারেবল উইমেন বেনিফিট (VWB)-এর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। কার্ড করে দেওয়ার কথা বলে এক নারীর কাছে ৮ হাজার টাকা দাবি এবং কার্ডে নাম থাকা সত্ত্বেও দুই নারীকে চাল না দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত ইউপি সদস্যের নাম আব্দুল্লাহ। তিনি উপজেলার তিয়শ্রী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, VWB কর্মসূচির আওতায় নির্বাচিত দুস্থ নারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার নিয়ম রয়েছে। দুই বছর মেয়াদি এ কর্মসূচি আগে ভিজিডি (VGD) নামে পরিচিত ছিল।
ভুক্তভোগী ও স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, ইউপি সদস্য আব্দুল্লাহ প্রভাব খাটিয়ে দরিদ্র নারীদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাৎ করছেন। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দ সরকারি প্রণোদনার অর্থ বিতরণেও অনিয়মের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ভয়ে অনেকেই প্রকাশ্যে অভিযোগ করতে চান না বলে দাবি স্থানীয়দের।
উপজেলার কুঠুরিকোনা গ্রামের বাসিন্দা ঝর্ণা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদে গিয়ে VWB কার্ডের জন্য আবেদন করেছিলাম। কয়েক দিন পর আব্দুল্লাহ মেম্বার এসে কার্ড করে দেওয়ার কথা বলে আমার কাছে ৮ হাজার টাকা চান। টাকা দিতে না পারায় কার্ডটি পাইনি। এখন জানতে পেরেছি, আমার নামে বরাদ্দ করা চাল তিনি তুলে নিচ্ছেন। আমি এ ঘটনার বিচার চাই।’
একই গ্রামের মমিনা আক্তার ও লিপি আক্তারের অভিযোগ, তাঁদের নামে VWB কার্ড থাকলেও তাঁরা কোনো চাল পাননি।
তাঁরা আরও বলেন, ‘আমরা কয়েক কাঠা জমিতে ধান চাষ করেছিলাম। বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে। কিন্তু সরকারি কোনো সহযোগিতা পাইনি। অথচ মেম্বারের পরিবারের একাধিক সদস্য সরকারি সহযোগিতার টাকা পেয়েছেন।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আব্দুল্লাহ বলেন, ব্যক্তিগত হিংসা ও বিদ্বেষের কারণে কিছু মানুষ তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছেন। এ বিষয়ে তিনি অবগত নন।
তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমার কানে আসেনি। কেউ লিখিত অভিযোগও করেননি। তারপরও বিষয়টি খতিয়ে দেখব। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভুক্তভোগীদের দাবি, তাঁদের নামে বরাদ্দ করা চাল কারা উত্তোলন করেছেন, তা যাচাই করে প্রকৃত উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।




