শেয়ার করুন

পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে খুলনার উপকূলীয় জনপদ পাইকগাছায় টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসময়ের এ বৃষ্টিতে মাঠে থাকা আমন ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। একই সঙ্গে শীতকালীন সবজি চাষ ও ইটভাটা শিল্পে দেখা দিয়েছে ব্যাপক ক্ষতির আশঙ্কা। অন্যদিকে বৃষ্টির কারণে কাজকর্ম বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দিনমজুর, শ্রমিক ও নিম্নআয়ের মানুষ।

উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে নিচু জমি, ফসলের মাঠ ও সড়কে পানি জমেছে। অনেক জমিতে আমন ধান কাটার উপযুক্ত সময় হলেও বৃষ্টির কারণে কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না। জমিতে ধান পড়ে থাকা, অতিরিক্ত আর্দ্রতায় ধানের মান নষ্ট হওয়া এবং কাটা ধান শুকাতে না পারায় লোকসানের আশঙ্কা করছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৩ হাজার ১৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

এদিকে শীতকালীন সবজি চাষের মৌসুমে এমন বৃষ্টি কৃষকদের নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। জমিতে পানি জমে থাকলে মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম ও টমেটোসহ বিভিন্ন সবজির চারা ও ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে উপজেলার ইটভাটা শিল্প। উপজেলায় মোট ১৪টি ইটভাটা রয়েছে। টানা বৃষ্টিতে খোলা মাঠে শুকানোর জন্য রাখা কাঁচা ইট ভিজে নষ্ট হয়েছে। এতে কোটি টাকার লোকসানের আশঙ্কা করছেন ভাটা মালিকরা। উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। এমন পরিস্থিতির কথা জানিয়েছেন এসএমবি ব্রিকসের মালিক এসএম নাজমুল হুদা মিথুন, যমুনা ব্রিকসের মালিক মাহবুবুর রহমান ও বিবিএম ব্রিকসের মালিক মোঃ খলিলুর রহমান।

অন্যদিকে বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। দিনমজুর, নসিমন-করিমন, ইজিবাইক, রিকশা ও ভ্যানচালক এবং নির্মাণশ্রমিকদের কাজকর্ম প্রায় বন্ধ হয়ে পড়েছে। দিনমজুর আবু তালেব, সুবহান ও জাহাঙ্গীর বলেন, “টানা তিন দিন বৃষ্টির কারণে ভ্যান নিয়ে বাইরে বের হতে পারিনি। কোনো আয়-রোজগার না থাকায় সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে।”

এছাড়া বৃষ্টির পানিতে উপজেলার বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়েছেন।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন বলেন, উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কৃষকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি বলেন, মহামারি আকার ধারণ না করলে আমন ধানের তেমন ক্ষতির আশঙ্কা নেই। আমন ধান এখনো কর্তন না করায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে কিছু সরিষা ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাব ও বৃষ্টির পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসনের সার্বিক নজরদারি রয়েছে। আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি প্রশাসন সতর্ক ও সজাগ রয়েছে।

স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টির ধারা অব্যাহত থাকলে কৃষি, মৎস্য, ইটভাটা, ক্ষুদ্র ব্যবসা ও শ্রমজীবী মানুষের অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষক ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানো, মাঠপর্যায়ে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top