কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স এবার পাওয়া গেল ৫১ অবস্থা টাকা।
৪ মাস ২৫ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মসজিদের ১০টি দানবাক্স ও ৫টি ট্রাঙ্ক খোলা হয়। সেখান থেকে বেরিয়ে আসে ৫১ বস্তা ভর্তি টাকা। এ ছাড়া সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিতসহ বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রুপা পাওয়া গেছে। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে বস্তায় ভরে দানের অর্থ মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সকাল ৯টা থেকে শুরু হয় টাকা গণনার কাজ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৭ সদস্যের দানবাক্স খোলা উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছেন। গণনার কাজে অংশ নিয়েছে প্রায় ৬৮০ জন। তাদের মধ্যে ৩৯০ জন মাদ্রাসাশিক্ষার্থী, ১৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পাগলা মসজিদের ৩৫ জন শিক্ষক ও কর্মচারী, ৮ জন এসআরবি সদস্য, চারজন ফায়ার সার্ভিস সদস্য, ১৫০ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসনের ২৪ কর্মচারী, ৪০ জন পুলিশ সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ান আনসার সদস্য। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল হক, পাগলা মসজিদ পরিচালনা কমিটির সদস্যসচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারেছী। মসজিদ কর্তৃপক্ষ জানায়, দেশ-বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা মানত, কৃতজ্ঞতা ও বিভিন্ন উদ্দেশ্যে পাগলা মসজিদে নগদ অর্থ, গবাদিপশু, স্বর্ণালংকার, রুপা এবং বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা দান করেন। এসব দানের অর্থ মসজিদের উন্নয়ন, এতিম ও অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
উল্লেখ্য, এর আগেও প্রায় ছয় মাস পর দানবাক্স খুলে পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। প্রায় ১২ ঘণ্টা গণনা শেষে যার পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া পাওয়া যায় সৌদি রিয়াল, মালয়েশিয়ান রিঙ্গিতসহ বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণ ও রুপা।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেছেন, এ যাবতকালে পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। এ ছাড়াও অনলাইনে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা পাওয়া গেছে। এযাবতকালে মসজিদের দানবাক্সে ১৪৪ ভরি ১৪ আনা ৪ রতি সোনা ও ১০৮৮ ভরি রুপা এবং ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা যার পরিমাণ ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা।



