সোমবার ২৩ নভেম্বর রাজশাহীর এসকে ফুড রেস্টুরেন্টে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
‘গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর অভিযোগের পদ্ধতি ও ব্যবস্থাপনা’ বিষয়ক এ ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল সড়ক, গণপরিবহন ও জনসমাগমপূর্ণ স্থানে নারীদের প্রতি যৌন হয়রানি প্রতিরোধে শ্রমিক প্রতিনিধিদের সচেতনতা, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি করা।
ওরিয়েন্টেশনে গণপরিবহন ও জনসমাগমপূর্ণ স্থানে নারীদের প্রতি জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি কমাতে কার্যকর অভিযোগ গ্রহণ এবং রিপোর্টিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নারী যাত্রীদের জন্য নিরাপদ ও নারীবান্ধব যাত্রীসেবা নিশ্চিত করা, তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো এবং হয়রানির শিকার হলে অভিযোগ জানানোর সুযোগ ও পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা সৃষ্টি, অভিযোগ গ্রহণের সুনির্দিষ্ট পদ্ধতি চালু এবং এ বিষয়ে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
ওরিয়েন্টেশনে স্থানীয় সরকার, পুলিশ প্রশাসন, গণপরিবহনের মালিক-শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগে গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা, যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের অভিযোগ জানানোর কার্যকর পরিবেশ তৈরি করাই এ ওরিয়েন্টেশনের অন্যতম লক্ষ্য।




